মো. নূরুল্লাহ
- প্রতিষ্ঠাতা পরিচালক, সুন্নাহ আইটি ইন্সটিটিউট
স্বাগতম! আমি মোঃ নুরুল্লাহ হোসাইন, ১৯৯১ সালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করি।
আমার শিক্ষাজীবন শুরু হয় ২০০৭ সালে এসএসসি পাসের মাধ্যমে। এরপর আমি টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট থেকে টেক্সটাইল ডিপ্লোমা সম্পন্ন করি এবং ২০১১ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করি। পরবর্তীতে, ২০১৪ সালে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি সম্পন্ন করি।
ক্যারিয়ারের শুরুর দিকে, ২০১২ সালে আমি ওডেস্ক (বর্তমানে আপওয়ার্ক) এ এসইও (SEO) কাজের মাধ্যমে ফ্রিল্যান্সিং শুরু করি। এসইও এর মাধ্যমে আমি ক্লায়েন্টদের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করি।
পরে, নিজেকে আরও দক্ষ করার জন্য আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখি এবং মার্কেটপ্লেসে এই সংক্রান্ত সার্ভিস প্রদান শুরু করি। ২০১৬ সালে, আমি নিজে একটি ওয়েব এজেন্সি শুরু করি যেখানে আমি দেশের বাইরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট টেমপ্লেট এবং ডিজাইন বিক্রি করি।
নিজের এজেন্সি সঠিকভাবে পরিচালনা করার জন্য আমি ইউআই ডিজাইন এবং মার্কেটিং শেখার উপর গুরুত্ব দিই। শুরুতে এসইও নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং আমার পূর্ববর্তী গ্রাফিক্স ডিজাইন স্কিলের কারণে আমি অল্প সময়ের মধ্যে ইউআই ডিজাইন আয়ত্ত করে ফেলি। তবে, একটি সফল এজেন্সি পরিচালনা করতে শুধু টেকনিক্যাল দক্ষতা যথেষ্ট নয়; ব্যবসার সফলতার জন্য সেলস ও মার্কেটিং দক্ষতার প্রয়োজন ছিল। তাই আমি মার্কেটিং বিষয়ে যথেষ্ট সময় ও মনোযোগ দিই, যা আমাকে আমার প্রতিষ্ঠান পরিচালনা ও ক্লায়েন্টের কাজে অনেক সহায়তা করে।
২০১৫ এবং ২০২০ সালে আমি আমার জেলার (জামালপুর) সেরা ফ্রিল্যান্সার হিসেবে পরপর দুইবার বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড লাভ করি। এটি আমার কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করেছে এবং আমাকে আরও অনুপ্রাণিত করেছে।
২০১৩ সালে, আমি “ফ্রিল্যান্সিং কেয়ার” নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করি, যার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধরনের ফ্রি রিসোর্স তৈরি করা এবং ভিডিওর মাধ্যমে সঠিক গাইডলাইন প্রদান করা। দীর্ঘ দিন ধরে এই চ্যানেলটি পরিচালনা করে আসছি এবং বর্তমানে এই চ্যানেলটিতে ৪ লাখ ৩০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।
২০২১ সালে, আমার প্রথম বই “ফ্রিল্যান্সিং: হালাল ইনকামের খোঁজে” প্রকাশিত হয়। বইটির মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ও কার্যকরী ধারণা প্রদান করতে চেয়েছি, বিশেষ করে যারা হালাল-হারামের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে। এই বইটি ২০২১ সালে নগদ রকমারি অনলাইন বইমেলায় বেস্ট সেলার অ্যাওয়ার্ড লাভ করে। ২০২২ সালে, আমার দ্বিতীয় বই “হালালভাবে ডিজিটাল মার্কেটিং” প্রকাশিত হয়।
ফ্রিল্যান্সিং বিষয়ে বই লেখার পর, অনেকেই আমার কাছ থেকে কাজ শেখার জন্য রিকোয়েস্ট করে। বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান থাকলেও, হালাল-হারাম বাছ বিচার করে কাজ শেখানোর প্রতিষ্ঠান খুবই কম। অধিকাংশ প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার অভিজ্ঞতা ছাড়াই কাজ শেখায়। আমি যেহেতু ২০১২ সাল থেকে বিভিন্ন মার্কেটপ্লেসে (আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপলপারআওয়ার) কাজ করছি, তাই সঠিকভাবে কাজ শেখানোর উদ্দেশ্যে ২০২২ সালে সুন্নাহ আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি। এই প্রতিষ্ঠান দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে হালালভাবে ফ্রিল্যান্সিং স্কিল শেখানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।